
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর ইশানকোনা গ্রামের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা সৈয়দ আতাউর রহমান (৮০) ইন্তেকাল করেছেন। আজ ১২ এপ্রিল, শনিবার সকাল ৭টায় রাজধানীর ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মরহুম সৈয়দ আতাউর রহমান বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ছিলেন এবং স্থানীয় ও জাতীয় রাজনীতিতে তাঁর অবদান উল্লেখযোগ্য। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশ-বিদেশে নেতাকর্মী, সহযোগী ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
জানাজা ও দাফনের সময়সূচি
মরহুমের জানাজা আজ শনিবার বাদ এশা সৈয়দপুর-ইশানকোনা হালি ছাড়া মাঠে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে।
শোক প্রকাশ
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আতাউর রহমানের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চাওয়া হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল আন্তরিক সমবেদনা।
