জামিল আহমেদ, লন্ডন থেকে
১০ মার্চ ২০২৫

কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন। মার্ক কার্নি তিনি পদত্যাগকারী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। রবিবার প্রকাশিত আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী, লিবারেল পার্টির নেতা নির্বাচনের ভোটাভুটিতে কার্নি সর্বোচ্চ ভোট পেয়েছেন। এক লাখ ৫২ হাজার ভোটারের মধ্যে ৮৫.৯% ভোট পড়েছে, যেখানে কার্নি কানাডার সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে পরাজিত করেন।
মার্ক কার্নি কানাডার কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক গভর্নর। তিনি রাজনীতিতে নতুন মুখ হলেও আন্তর্জাতিক অর্থনৈতিক ক্ষেত্রে তার অভিজ্ঞতা ব্যাপক। তিনি কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটির জন্য একটি চ্যালেঞ্জিং সময় আসছে। কানাডা বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনা এবং অভ্যন্তরীণ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে।
কার্নি নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে স্পষ্ট অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, কানাডা আমেরিকার ওপর অতিরিক্ত নির্ভরশীল নয় এবং নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে অন্যান্য দেশের সঙ্গে কাজ করবে। তিনি সতর্ক করে দিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র কানাডার পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করে, তাহলে কানাডাও পাল্টা ব্যবস্থা নেবে।
জাস্টিন ট্রুডো নয় বছরেরও বেশি সময় ধরে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু জনসমর্থন হ্রাস পাওয়ায় তিনি জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন। এর ফলে লিবারেল পার্টিকে দ্রুত নতুন নেতা নির্বাচনের ব্যবস্থা করতে হয়েছে। মার্ক কার্নির নেতৃত্বে কানাডা কীভাবে এই সংকটময় সময় মোকাবিলা করে এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করে, তা এখন দেখার বিষয়।
