বার্মিংহাম প্রতিনিধি • ৩০ নভেম্বর, রবিবার:

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্যের কামনায় আজ ৩০ নভেম্বর রবিবার জোহর নামাজের পর বার্মিংহামে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি এবং বার্মিংহাম সিটি বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের স্থান ছিল লজেলসের শাহজালাল জামে মসজিদ। এতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক মানুষসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার রক্ষা এবং রাজনৈতিক অস্থিরতার সময় দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন—যা প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
মাহফিলে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জমশেদ আলী এবং বার্মিংহাম সিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অবজার হুসেন বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা, চিকিৎসার অগ্রগতি এবং তার প্রতি প্রবাসীদের সহমর্মিতা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, দেশের ভেতর এবং বাইরে লাখো মানুষ তার দ্রুত আরোগ্য কামনা করছেন, যা প্রমাণ করে তিনি এখনো জনগণের আশা ও প্রত্যাশার প্রতীক হিসেবে বিবেচিত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ও আব্দুল খালিক, সাবেক সহসভাপতি আব্বাস মিয়া ও জালাল উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ ইকবাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কবির, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুর রহমান রফু, যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি মোদাচ্ছির খান, বিএনপি নেতা ইসলাম উদ্দিন খান, অ্যাডভোকেট নজরুল ইসলাম, সারওয়ার আহমেদ, ওবায়দুল কবির কুকন, ছালিক মিয়া, কয়ছর আলী শাহীন, ওয়ালী ওয়াদুদ, মনোয়ার, আবুল কাসেম, আজাদ মিয়া, ইমামুল হাসানসহ আরও অনেকে।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন শাহজালাল জামে মসজিদের ইমাম ও খতিব।
অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, স্থায়ী সুস্থতা এবং চলমান চিকিৎসার সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়, যেখানে উপস্থিত সবাই অংশ নেন।
