
বার্মিংহামে বসবাসরত সুনামগঞ্জ জেলার দিরাই-শাল্লা উপজেলার প্রবাসী জনগণের উদ্যোগে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী জনাব মোহাম্মদ শিশির মনির-এর সঙ্গে এক উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার, ১৫ই জুন ২০২৫, বার্মিংহামের একটি স্থানীয় কমিউনিটি হলে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন দিরাই-শাল্লার বিপুলসংখ্যক প্রবাসীসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত অতিথিবৃন্দ।
সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক শাদিকুর রহমান এবং পুরো অনুষ্ঠান পরিচালনা করেন আবু বকর।
এতে বক্তব্য রাখেন কমিউনিটির পরিচিত মুখরা, যাদের মধ্যে ছিলেন: আতাউর রহমান, মুজিবুর রহমান বাবুল, আবদুর রব, মনিরুল ইসলাম, তাজ উদ্দিন, জুয়েল মিয়া, হক, কামরুল হক ও রমজান মিয়া প্রমুখ। তাঁরা সবাই শিশির মনিরের আগমনকে স্বাগত জানিয়ে দিরাই-শাল্লার উন্নয়নে তাঁর আগ্রহ ও অবদানের প্রশংসা করেন।

সংবর্ধিত অতিথি জনাব মোহাম্মদ শিশির মনির তাঁর বক্তব্যে দিরাই-শাল্লা এলাকার মানুষের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার কথা তুলে ধরেন এবং বলেন, প্রবাসীদের ঐক্য ও অবদান দেশের জন্য গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, যারা দেশের বাইরে থেকেও এলাকার উন্নয়নে কাজ করছেন, তারা দেশের এক গর্বিত শক্তি। ভবিষ্যতেও দিরাই-শাল্লার কল্যাণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সভা শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে সকল অতিথি, বক্তা এবং আগত প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উপস্থিত প্রবাসীরা এই সভাকে অত্যন্ত ফলপ্রসূ ও প্রেরণাদায়ক বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
