
বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা এবং প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বার্মিংহাম হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জনাব মোহাম্মদ আলীমুজ্জামানের সাথে যুক্তরাজ্যের কভেন্ট্রি শহরে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ ফেব্রুয়ারি, রবিবার কভেন্ট্রি শহরের একটি স্থানীয় হলে এই সভা অনুষ্ঠিত হয়, যার আয়োজন করে সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ডস। এই গুরুত্বপূর্ণ সভা ছিল প্রবাসীদের অধিকার, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে একটি বিশেষ উদ্যোগ।
সভায় সভাপতিত্ব করেন ইউকে বিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট এবং সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ডস-এর সভাপতি জমিরুল ইসলাম সিরাজ। তাঁর নেতৃত্বে অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মেহরাব উদ্দিন, যিনি প্রাণবন্তভাবে পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ আলীমুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক রায়হান তালুকদার, যিনি প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা এবং সম্ভাবনা নিয়ে তাঁর বক্তব্য উপস্থাপন করেন।
আলোচনায় প্রধানত বার্মিংহাম টু বাংলাদেশ সরাসরি ফ্লাইট চালুর প্রয়োজনীয়তা এবং কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিশদ আলোচনা করা হয়। বক্তারা বলেন, ওয়েস্ট মিডল্যান্ডসের বার্মিংহাম, কভেন্ট্রি এবং আশপাশের শহরগুলোতে প্রায় দুই লক্ষ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। তারা শুধুমাত্র ব্যবসা-বাণিজ্যের সঙ্গেই জড়িত নয়, বরং অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক দিক থেকেও এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি গড়ে তুলেছেন। এর ফলে যুক্তরাজ্য এবং বাংলাদেশের অর্থনীতি সরাসরি উপকৃত হচ্ছে।
তবে, বার্মিংহাম টু বাংলাদেশ সরাসরি ফ্লাইট চালু না হওয়ায় প্রবাসীরা বেশ হতাশা প্রকাশ করেন। বিশেষ করে বয়স্ক এবং অসুস্থ যাত্রীদের জন্য ট্রানজিটের জটিলতা বড় ধরনের ভোগান্তি তৈরি করছে। বক্তারা সরকারের প্রতি দাবি জানান, যেন দ্রুত এই রুটে সরাসরি ফ্লাইট চালু করা হয়।
সভায় আরও বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন সাউথ সুরমা এসোসিয়েশনের সেক্রেটারি দবিরুল ইসলাম দবির, ভাইস প্রেসিডেন্ট সাব্বির হুসেন এবং মুকুল ইসলাম।
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ কবির আহমেদ, শাহ মাহবুব, খালিক উদ্দিন, কভেন্ট্রি বিএনপির সভাপতি জামিউল ইসলাম জামিল, ব্যারিস্টার রুমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম, ফয়েজ উদ্দিন এমবিই, মুজিব হুসেন, মাওলানা তাজুল ইসলাম, আব্দুল মালিক পারভেজ, ড. শাহজালাল, সেলিম সিদ্দিকী, শাহীন সরকার, কয়েছ চৌধুরী, মোহাম্মদ ফখরুল ইসলাম রিপন, কাউন্সিলর আব্দুল জব্বার, কমিউনিটি মুরব্বি আশিক আলী এবং বিশিষ্ট ব্যবসায়ী খালিক উদ্দিনসহ স্থানীয় সামাজিক, রাজনৈতিক এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ আলীমুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, “প্রবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব। বার্মিংহাম টু বাংলাদেশ সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করব।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে। তথ্যপ্রযুক্তি, তৈরি পোশাক, কৃষি, পর্যটন খাতসহ নানা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের সুযোগ রয়েছে। আমি প্রবাসী বাংলাদেশিদের এই সুযোগ কাজে লাগাতে আহ্বান জানাই। বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে প্রবাসীদের অবদান অপরিসীম। তাই প্রবাসীদের বিনিয়োগে উৎসাহিত করতে আমরা হাইকমিশন থেকে সর্বাত্মক সহযোগিতা করব।”
ডেপুটি হাইকমিশনার আরও আশ্বাস দেন যে, বাংলাদেশ সরকারের প্রবাসীবান্ধব নীতিমালা প্রবাসীদের অধিকার ও সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি বলেন, “আপনাদের যেকোনো সমস্যায় বাংলাদেশ হাইকমিশন পাশে থাকবে। আপনারা আমাদের দেশের সেরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর।”
সাউথ সুরমা এসোসিয়েশনের সভাপতি জমিরুল ইসলাম সিরাজ এবং সেক্রেটারি দবিরুল ইসলাম দবির সমাপনী বক্তব্যে বলেন, “এই সভা প্রবাসীদের অধিকার এবং বাংলাদেশের সম্ভাবনাকে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ মঞ্চ ছিল। আমরা আশা করি, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের সভা আয়োজন করা হবে।”
তারা সভায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও প্রবাসীদের অধিকার রক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানান।
